ভারতে পৌঁছালেন পুতিন, নজর কাড়ল নিরাপত্তার বিশেষ কৌশল
যোগফল প্রতিবেদক:
ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লিতে পৌঁছান পুতিন। খবর এনডিটিভির।
বিশ্বের অন্যতম শক্তিধর নেতা হিসেবে পুতিনের ভারত সফর ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। সফরের সময় হুবহু একই রকম দেখতে দুটি উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি বিমান বিভ্রান্তি তৈরির জন্য ছদ্মবেশী বিমান হিসেবে ব্যবহৃত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুতিন ঠিক কোন বিমানে রয়েছেন, তা গোপন রাখতেই একই সময়ে দুটি বিমান উড্ডয়ন করে। অতিরিক্ত নিরাপত্তার জন্য মস্কো নিয়মিতভাবে এই কৌশল ব্যবহার করে থাকে।
পুতিনের ব্যবহৃত বিশেষ উড়োজাহাজটির নাম ‘ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ’। এটিকে প্রায়ই ‘ফ্লাইং ক্রেমলিন’ বা ‘ডুমসডে প্লেন’ বলা হয়। ১৯৮০-এর দশকে ইলিউশিন ডিজাইন ব্যুরো এটি তৈরি করে। দীর্ঘপাল্লার চার ইঞ্জিনবিশিষ্ট এই রুশ উড়োজাহাজটি সংকটময় পরিস্থিতিতে দেশটির শীর্ষ নেতৃত্বকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।
বিমানটিতে ‘আভিয়াদভিগাটেল পিএস-৯০এ’ টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি একবারে প্রায় ১১ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। ফলে দীর্ঘ যাত্রায় বারবার জ্বালানি নেওয়ার প্রয়োজন হয় না। উড়োজাহাজটির দৈর্ঘ্য ৫৫ দশমিক ৩৫ মিটার এবং ডানার বিস্তার ৬০ দশমিক ১২ মিটার। এটি পরিচালনা করে রাশিয়ার ‘স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রন’।
জাতীয় জরুরি পরিস্থিতিতে উড়োজাহাজটি পূর্ণাঙ্গ মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে। এতে এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সামরিক, গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব।
এ ছাড়া উড়োজাহাজটিতে রাডার জ্যামিং প্রযুক্তি ও আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বিমানটি বিলাসবহুলও। এতে প্রেসিডেন্সিয়াল স্যুট, বেডরুম, বিলাসবহুল বাথরুম, কিচেন, ডাইনিং এরিয়া ও কনফারেন্স রুম রয়েছে। বিমানের অভ্যন্তরীণ সাজসজ্জায় সোনার প্রলেপযুক্ত ফিটিংস, মূল্যবান কাঠ ও প্রিমিয়াম চামড়া ব্যবহার করা হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন